চট্টগ্রাম সিটি করপোরেশনের লেকসিটি আবাসন প্রকল্পের চারটি উন্নয়নকাজ পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা।
প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে চিঠি দিয়েছেন এক ঠিকাদার। গত রোববার এ চিঠি দেন মেসার্স দোয়েল কনস্ট্রাকশনের মালিক আশরাফ আলী। একই চিঠির অনুলিপি দেওয়া হয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকেও।
চিঠিতে অভিযোগ করা হয়, সাধারণ ঠিকাদারদের দরপত্র ফরম কিনতে না দিয়ে গোপনে পছন্দের ঠিকাদারদের মধ্যে প্রকল্পের কাজ ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়। এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে। জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ-আলোচনা করব।’
সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, নগরের বিশ্বকলোনি এলাকায় অবস্থিত লেকসিটি হাউজিং সোসাইটির উন্নয়নের জন্য চারটি প্রকল্প নেয় সিটি করপোরেশন। প্রতিটি প্রকল্পের উন্নয়ন ব্যয় ধরা হয় ৫০ লাখ টাকা। ২৩ মার্চ এসব প্রকল্পে ঠিকাদার নিয়োগের জন্য স্থানীয় পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি ছাপা হয়। প্রতিটি কাজের বিপরীতে তিনটি করে দরপত্র ফরম বিক্রি হয়। ৯ জুন সিটি করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটির সভায় তিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব প্রকল্পের কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তরের ৪ নম্বর ডিভিশন।
মেসার্স দোয়েল কনস্ট্রাকশনের মালিক আশরাফ আলী অভিযোগ করে বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আমরা কয়েকজন ঠিকাদার দরপত্র ফরম কিনতে যাই। কিন্তু প্রকৌশল দপ্তরের ৪ নম্বর ডিভিশন থেকে ফরম দেওয়া হয়নি। বলা হয়, ফরম বিক্রির সময় আরও বাড়ানো হবে। কিন্তু তা না করে উল্টো গোপনে পছন্দের ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটির সভায় লেকসিটি হাউজিং সোসাইটির অভ্যন্তরীণ সড়ক ও প্লট উন্নয়ন (অংশ-১) প্রকল্পের কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয় মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সকে। এ ছাড়া লেকসিটি হাউজিং সোসাইটির অভ্যন্তরীণ সড়ক ও প্লট উন্নয়ন (অংশ ২) এবং প্রাচীরসহ নর্দমা নির্মাণ (অংশ-১) প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স এ এন জে করপোরেশনকে এবং প্রাচীরসহ নর্দমা নির্মাণ (অংশ-২) প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছে মেসার্স জামান ব্রাদার্সকে।
জানতে চাইলে সিটি করপোরেশনের ৪ নম্বর ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলামের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সর্বনিম্ন দরদাতাদের কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। ঠিকাদারদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব বোগাস কথা। দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দরপত্র ফরমও বিক্রি করা হয়েছে। তবে সিটি নির্বাচনের পূর্বে বিক্রি করায় একটু কম ফরম বিক্রি হয়েছে।’
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ বলেন, দরপত্র বিক্রি ও লটারির সময় কেউ অভিযোগ দেননি। ওই সময় অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত।