পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নিয়োগ স্থগিত!
যশোর সদর উপজেলার পুলেরহাট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে, ব্যবস্থাপনা কমিটির সভাপতির পছন্দের প্রার্থীকে মনোনীত না করায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে নিয়োগ বোর্ডের একজন সদস্য বলেন, পুলেরহাট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে বিদ্যালয়ের সভাপতি খায়রুজ্জামান ১৬ লাখ টাকা নিয়েছেন। এ জন্য তিনি নিয়োগ বোর্ডকে চাপ দিতে থাকেন। নিয়োগ বোর্ডের দুজন সরকারি প্রতিনিধি সভাপতির কথা মানেননি।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ১৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন উপস্থিত হন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য জিল্লুর রশিদ বলেন, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা নেওয়া ও খাতা দেখায় স্বচ্ছতা থাকতে হবে। কিন্তু এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি খায়রুজ্জামান নিয়োগ বোর্ডকে বলেন, তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে হবে। পাঁচ সদস্যের নিয়োগ বোর্ড এ প্রশ্নে একমত হতে পারেনি। তখন সভাপতি নিয়োগ কার্যক্রম স্থগিত করে দেন।
যশোর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ বলেন, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুজ্জামানের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য মনোনীত না করায় তিনি নিয়োগ বোর্ড স্থগিত করে দিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে নিয়োগ বোর্ডের সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুজ্জামান বলেন, নিয়োগ বোর্ডের প্রতিনিধিরা ঠিক বলেননি। একই দিনে অন্য উপজেলার আরও দুটি নিয়োগ পরীক্ষা ছিল বলে পরীক্ষা নেওয়ার সময় পাওয়া যায়নি। যে কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। টাকা-পয়সাও লেনদেন হয়নি।
নিয়োগ বোর্ডে থাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, সভাপতি চাননি বলে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়েছে। নিয়োগ দেওয়ার প্রশ্নে বোর্ডের সদস্যরা একমত হতে পারেননি।