১৩ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ও বিভাগীয় মামলায় অভিযুক্ত
পছন্দের বিদ্যালয়ে বদলি জানে না শিক্ষা কার্যালয়
কর্মস্থলে ১৩ মাস অনুপস্থিত ও বিভাগীয় মামলায় অভিযুক্ত হওয়ার পরও ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক শিক্ষিকাকে তাঁর পছন্দের জায়গায় বদলি করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় শিক্ষা কার্যালয় অবগত নয়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়-১) দেবেশ চন্দ্র সরকার স্বাক্ষরিত বদলি-সংক্রান্ত এক অফিস আদেশ গত বুধবার নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পৌঁছে।
নথিপত্র ঘেঁটে দেখা যায়, উপজেলার কপালহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আইরিন সুলতানা গত বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত তাঁর নিজের বিয়ে উপলক্ষে অর্জিত ছুটি নেন। এরপর থেকে অনুমতি ছাড়াই অদ্যাবধি তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। গত বছরের ৭ এপ্রিল তাঁকে নোটিশ পাঠানো হয়। নোটিশের উত্তর না আসায় ২৭ আগস্ট চাকরি বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে মামলার প্রথম দফা শুনানি অনুষ্ঠিত হয়। চিঠি পাঠানোর পরও অভিযুক্ত শিক্ষিকা ওই শুনানিতে উপস্থিত হননি। ফলে একই বিধিমালার ৪(৩)ডি ধারা মোতাবেক কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না মর্মে ১০ দিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
উপজেলার ছয়জন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকের বদলি-সংক্রান্ত প্রস্তাব স্থানীয় শিক্ষা কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা কার্যালয়ে পাঠানো হয়। পরে সেখান থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) আনারকলি নাজনীন বলেন, আইরিন সুলতানার বদলির আবেদন তাঁর কাছে আসেনি। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়-১) দেবেশ চন্দ্র সরকার স্বাক্ষরিত শিক্ষিকার বদলি-পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ-সংক্রান্ত চিঠিটি তিনি গত বুধবার পেয়েছেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায় তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেবেন।
মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. শফিউল হক বলেন, তাঁর দপ্তর থেকে আইরিন সুলতানা নামে কোনো শিক্ষিকার বদলি-সংক্রান্ত আবেদন পাঠানো হয়নি। তাহলে বিভাগীয় মামলায় অভিযুক্ত একজন শিক্ষিকাকে কীভাবে বদলির নির্দেশ দেওয়া হলো—এ প্রশ্নের উত্তরে শফিউল হক বলেন, বিষয়টি আপনি বরং মন্ত্রণালয় থেকে জেনে নিন।
তবে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে বদলি করা চাকরিবিধির সরাসরি লঙ্ঘন।