পছন্দের ব্যক্তিকে নিয়োগ না দেওয়ায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের ব্যক্তিকে সহকারী সুপার পদে নিয়োগ না দেওয়া বগুড়ার ধুনটে একটি মাদ্রাসার সুপারকে গতকাল শনিবার মারধর করেছেন বলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের হোটিয়ারপাড়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপারসহ দুজন শিক্ষক অবসরে যাওয়ায় ওই দুটি পদ শূন্য হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি বজলুর রহমান সরকারি বিধি উপেক্ষা ওই মাদ্রাসার শিক্ষক ফজলুল হককে সহকারী সুপার পদে পদোন্নতি দিতে সুপারকে চাপ দেন। কিন্তু সুপার শাহাদৎ হোসেন এ দুটি পদে সরকারিভাবে নিয়োগ দেওয়ার জন্য সেগুলো শূন্য দেখিয়ে জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেন। সম্প্রতি নিয়োগ-প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল বেলা ১১টার দিকে মাদ্রাসায় গিয়ে সুপারকে পিটিয়ে আহত করেন বজলুর রহমান। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আহত শাহাদৎকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে শিক্ষার্থীরা মারপিটের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা-পুলিশের কাছে অভিযোগ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন শাহাদৎ হোসেন বলেন, ‘সরকারি বিধি মোতাবেক দুটি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য জেলা কর্মকর্তার নিকট আবেদন করেছি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ দুটিতে সরকারিভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সভাপতির পছন্দের শিক্ষককে সহকারী সুপার হিসেবে পদোন্নতি না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে মারধর করেছেন।’ এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
বজলুর রহমান বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে টালবাহানা করেন শাহাদৎ। মাদ্রাসার একজন শিক্ষককে পদোন্নতি দিয়ে সহকারী সুপার পদে নিয়োগ দেওয়া যায় কি না, সে বিষয়ে কাগজপত্র চাইলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যান। এসব নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। দরজার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। সুপারকে মারপিট করা হয়নি বলে দাবি করেন তিনি।
ইউএনও মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘মাদ্রাসার সুপারকে মারপিটের ঘটনা শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’