পছন্দের লোক দিয়ে শিক্ষক পরিষদ গঠন করলেন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের তফসিল ঘোষণা ও নির্বাচন না করেই জরুরি সভা ডেকে নিজের পছন্দের লোকদের পদে বসিয়ে শিক্ষক পরিষদ গঠন করার অভিযোগ উঠেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাবের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ওই কমিটি গঠন করা হয়।

সভায় কলেজের উপাধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষকদের একটি অংশ অনুপস্থিত ছিল। নিয়মানুযায়ী, শিক্ষক পরিষদের নির্বাচন করতে হলে আগে তফসিল ঘোষণা করতে হয়। এ ক্ষেত্রে অধ্যক্ষ আইনবহির্ভূতভাবে এ কমিটি গঠন করেন।

কলেজের অন্তত সাতজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথম আলোর মহানগর পাতায় ‘কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরিবহন নেই, তবু শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের দ্বিতীয় অনুচ্ছেদে কলেজে বর্তমানে শিক্ষক পরিষদ না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব ওই দিন বিকেল চারটায় শিক্ষকদের জরুরি সভা ডাকেন। রাত আটটা পর্যন্ত কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি সিলেকশনের মাধ্যমে শিক্ষক পরিষদ গঠন করার প্রস্তাব দেন। শিক্ষকদের মধ্য থেকে তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু অধ্যক্ষ সিলেকশনের মাধ্যমে তাঁর পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেন। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. শাহাদাত হোসেনকে সম্পাদক, একই বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম সম্পাদক ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদা ইয়াসমিনকে কোষাধ্যক্ষ করা হয়।

শিক্ষকদের একটি অংশ দাবি করছে, সিলেকশন করে অধ্যক্ষ তাঁর পছন্দের লোককে পদে বসালেন। কিন্তু পরিষদে শিক্ষকদের নির্বাচিত কোনো প্রতিনিধি বসল না। এতে করে বিভিন্ন কমিটিতে ঘুরেফিরে গুটিকয়েক শিক্ষক দায়িত্ব পাবেন। সাধারণ শিক্ষকেরা বঞ্চিত হবেন।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ শিক্ষক পরিষদের নির্বাচন হওয়ার দিন ধার্য ছিল। এ উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। প্রার্থী বাছাই করা হয়। হঠাৎ নির্বাচনের দুদিন আগে অধ্যক্ষ নির্বাচন স্থগিত করে দেন। এরপর শিক্ষক পরিষদ গঠন করা নিয়ে তিনি গণমাধ্যম ও বিভিন্ন পর্যায়ে সমালোচনার মুখে পড়েন। এবার তফসিল ছাড়াই গত বৃহস্পতিবার শিক্ষক পরিষদের কমিটি গঠন করেন অধ্যক্ষ।

অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষক পরিষদের নির্বাচনটা আগে স্থগিত করা হয় প্যানেল না পড়ার কারণে। গত বৃহস্পতিবার সবার সম্মতি নিয়ে সিলেকশন কমিটি গঠন করা হয়।

কিন্তু জরুরি সভার এজেন্ডায় শিক্ষক পরিষদের নির্বাচনের বিষয়টি ছিল না, সব শিক্ষকও উপস্থিত ছিলেন না। এরপরও কেন তফসিল ছাড়া কমিটি হলো? জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘কমিটি হয়ে গেছে। শিক্ষকদের বেশির ভাগ এদিন উপস্থিত ছিলেন। তাই কমিটি করেছি।’