পজেশন বিক্রি করে টাকা নিয়েছেন, ক্ষমতা দেখিয়ে দোকানও নিয়ে গেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে কয়েক লাখ টাকায় দোকানের পজেশন বিক্রি করলেও এখন দাম বৃদ্ধি পাওয়ায় ছয় ক্রেতার দোকান দখল করে নিয়েছেন রাজধানীর ফার্মগেটের ২২ ইন্দিরা রোডের এক ভবনমালিক। ভুক্তভোগীদের মধ্যে এক মুক্তিযোদ্ধার পরিবারও রয়েছে।
সরেজমিন গিয়ে জানা গেছে, বাণিজ্যিক কাম আবাসিক ওই ভবনের মালিক জনৈক মনোয়ারা বেগম। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ফরিদুর রহমান খান ওরফে ইরানের শাশুড়ি।
সিটি নির্বাচনের দুদিন পর ১ মে রাতে ছয় দোকানের মালিককে উচ্ছেদ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া ব্যক্তিদের কেউ কেউ থানায় অভিযোগ করেও ফল পাচ্ছেন না।
ভুক্তভোগীরা দাবি করেন, ১৯৯০-এর দশকে তাঁদের কাছে দোকানের পজেশন বিক্রি করেন মনোয়ারা বেগম। তার পর থেকেই সেখানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন তাঁরা। পাঁচতলা ভবনটির নিচতলায় ভাগ্যকূল মিষ্টান্নভান্ডার, মিতু কনফেকশনারি, ডাক্তারের চেম্বার, সেলুন, বইয়ের গোডাউন ও ফার্মেসি ছিল। কিন্তু এখন দোকানের কোনো সাইনবোর্ড নেই।
সরেজমিনে দেখা যায়, নিচতলার কলাপসিবল গেটে তালা ঝুলছে। সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। কয়েকটি দোকানের বিভাজন দেয়ালও ভেঙে ফেলা হয়েছে। দোকানের আসবাব ও মালামাল ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, শুরুতে দোকানের পজেশন বিক্রি করা হয় দেড় থেকে সাড়ে তিন লাখ টাকায়। এর বাইরে তাঁরা মাসে নামমাত্র (৭০০ টাকা থেকে শুরু) ভাড়া দিতেন। তখন যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়, ক্রেতা চাইলে পজেশন হস্তান্তর করতে পারবেন। সে ক্ষেত্রে দোকানের বাজারমূল্যের ৯০ শতাংশ পাবেন পজেশনধারী। ভবনমালিক পাবেন ১০ শতাংশ। বর্তমানে এখানকার রাস্তার পাশের বড় দোকানের পজেশন বিক্রি হয় এক কোটি টাকায়। ভেতরের ছোট দোকানের পজেশন বিক্রি হয় ১৫ থেকে ২০ লাখ টাকায়।
ভবনের মালিক মনোয়ারা বেগম বিদেশে থাকেন। তাঁর অবর্তমানে ইজারা দেওয়া দোকানগুলোর ওই নামমাত্র ভাড়া আদায় করতেন তাঁর কেয়ারটেকার। পজেশনধারীদের কাছে চুক্তির পাশাপাশি এই ভাড়ার রসিদও আছে। মনোয়ারা বেগম এখন ঢাকায় আছেন।
জানতে চাইলে মুঠোফোনে মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, দোকানদারেরা তাঁর ভাড়াটিয়া। তিনি বিদেশে থাকার সুযোগে তাঁরা দোকান দখল করে রেখেছিলেন। এখন তিনি উচ্ছেদ করেছেন। তিনি বলেন, ‘ওরা চাইলে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে।’ পজেশন বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা জোর করে দোকান দখল করেছে।’
ভবনের নিচতলায় চেম্বার চালাতেন চিকিৎসক ফজলুল করিম। তিনি বলেন, ১৯৯৩ সালে তিনি এক লাখ টাকায় ওই দোকানের পজেশন কেনেন। চুক্তি অনুযায়ী তিনি শুরুতে ৭৫০ টাকা ভাড়া দিতেন। এখন এই ভাড়া বেড়ে হয়েছে ১১০০ টাকা। তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী আমি চাইলে বাজারদরে এই পজেশন বিক্রি করতে পারি। সে ক্ষেত্রে মালিকও বাজারদরে তা কিনে নিতে পারেন। কিন্তু তিনি দখল করতে পারেন না।’
ভবনের মালিক মনোয়ারা বেগম দোকান দখলের যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ১৫০ বর্গফুটের একটি দোকানের ভাড়া দেন ১০০০ টাকা। অথচ ওই এলাকায় এমন একটা দোকানের ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা। তাঁর প্রশ্ন—‘পজেশন বিক্রি না করলে মালিক এত কম ভাড়া নিতেন কেন?’
নব্বইয়ের দশকে এক পজেশনধারীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার টাকায় দুটি দোকানের পজেশন কিনেছিলেন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। পরে তিনি দুটি দোকান মিলিয়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান করেন। মোশাররফ হোসেন মারা যাওয়ার পর তাঁর স্ত্রী কামরুন্নেছা ও সন্তানেরা দোকান দেখভাল করতেন। দোকানের আয় দিয়েই তাঁদের সংসার চলে। কিন্তু ১ মে রাতে দোকান ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়া হয়।
কামরুন্নেছা প্রথম আলোকে বলেন, স্বামী মারা যাওয়ার পর মুক্তিযোদ্ধা ভাতা ও দোকানের আয় দিয়েই চার সন্তান নিয়ে চলছেন তিনি। এখন পরিবারের ভরণপোষণই কঠিন হয়ে গেছে। এভাবে চালু ব্যবসা বন্ধ করে দেওয়ায় এবং মালামাল নিয়ে যাওয়ায় পথে বসে গেছেন তিনি।
কামরুন্নেছা অভিযোগ করেন, এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তবে রাতে পুলিশ গিয়ে ঘটনাস্থল দেখে গেছে। এরপর আর কোনো কাজই হয়নি।
সিটি নির্বাচনের দুদিন পরেই এই ঘটনা ঘটা এবং ভবনমালিকের মেয়ের জামাই ফরিদুর রহমান খান ওই এলাকার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শুরুতে ভয়ে কেউ মুখ খোলেননি। অনেকে থানায়ও যাননি।
অবশ্য কাউন্সিলর ফরিদুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো না। সিটি নির্বাচনের দুদিন পরেই দোকান দখলের ঘটনা ঘটল কেন—এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘শ্বশুরবাড়ির কেউ কিছু করলে তার দায়ভার আমার ওপর ফেলা ঠিক না।’
তবে ফরিদুর রহমান খান এ-ও বলেন, দোকানদারেরা পজেশন কিনে অন্যদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আবার সাবলেট দিয়েছেন। এ জন্যই তাঁর শাশুড়ি উচ্ছেদ করেছেন। তিনি বলেন, ‘এখন কেউ আমার কাছে লিখিত অভিযোগ করলে কাউন্সিলর হিসেবে আমি দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেব।’
ফরিদুর রহমান খান ওরফে ইরান স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক। তিনি তেজগাঁও কলেজ ছাত্রলীগের সভাপতিও ছিলেন।