পঞ্চগড়ে অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে অস্ত্রের মুখে গোল্ডলিফ সিগারেটের পরিবেশক মৌলভী ব্রাদার্সের অফিস থেকে ১৪ লাখ ৭৬ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে শহরের ডোকোরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে আট-নয়জনের একটি ডাকাত দল দোতলা ভবনের নিচতলার দরজা খুলে অফিসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় অফিসের চারজন কর্মচারী বিক্রয় প্রতিনিধিদের টাকা গুনছিলেন। এ সময় দুর্বৃত্তরা পিস্তল ও রামদা ঠেকিয়ে টাকা লুট করে নিয়ে যায়।

অফিসে কর্মচারী রবিউল বলেন, ‘ডাকাতেরা আট-নয়জন ছিল। প্রত্যেকের হাতে পিস্তল ছিল। তারা আমাদের বুকে পিস্তল ও ঘাড়ে রামদা ঠেকিয়ে রেখেছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনার তদন্ত চলছে। গত রাতেই জিজ্ঞাসাবাদে ওই অফিসের ছয়জন কর্মচারীকে আটক করা হয়েছে।

পঞ্চগড়ের এই এলাকাটি অফিসপাড়া বলে বেশ পরিচিত। ঘটনাস্থলের কাছাকাছি জেলা প্রশাসক, জেলা জজ এবং পুলিশ সুপারের অফিস ও বাসভবন রয়েছে।