পঞ্চগড়ে ট্রাক্টরচালকের গলাকাটা লাশ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে আব্বাস আলী (২৫) নামের এক ট্রাক্টর (মাহেন্দ্র) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার তবিবর রহমানের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দীগছ এলাকার একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় মামলা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। আব্বাসের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, গত রোববার রাতে আব্বাস বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন গোলাব্দীগছ এলাকার একটি বাঁশবাগানে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তেঁতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। এ ব্যাপারে আব্বাসের বাবা তেঁতুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।