পঞ্চগড়ে নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুর, জরুরি ছুটি ঘোষণা
পঞ্চগড়ে তুচ্ছ ঘটনায় নার্সিং ইনস্টিটিউটের দরজা-জানালা ও কক্ষ ভাঙচুর করেছেন তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনাটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ঈদের ছুটি ঘোষণা করে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে যেতে নির্দেশ দেয়।
পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে মোট ৯৭ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন। এঁদের মধ্যে প্রথম বর্ষে ৪৯, দ্বিতীয় বর্ষে ৪৮ এবং তৃতীয় বর্ষে ৩০ জন। এঁদের মধ্যে কারা আগে ডাইনিংয়ে খেতে যাবেন এবং সিঁড়ি দিয়ে কোন বর্ষের শিক্ষার্থীরা আগে নামবেন—এ নিয়ে গত মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন গত বুধবারের মধ্যে বিষয়টি মীমাংসার কথা দেয় কর্তৃপক্ষ। কিন্তু ওই দিন জেলায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবস্থান করায় ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর, ইনচার্জ ও সিভিল সার্জনের ব্যস্ততায় বিষয়টি নিয়ে আর আলোচনায় বসা সম্ভব হয়নি। ক্ষুব্ধ তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা গত বুধবার ইনস্টিটিউটের ভেতরে বিক্ষোভ করেন।
তখন পরিস্থিতি সামাল দিতে ইনস্টিটিউটের পক্ষ থেকে জ্যেষ্ঠ নার্স নুরজাহানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। প্রতিবেদন পাওয়ার শর্তে গতকাল বৃহস্পতিবার বিষয়টি সুরাহার কথা ছিল। কিন্তু কারও সঙ্গে কোনো আলোচনা না করে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেরা খাতুন ঈদের ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেন।
এতে শ্যামা খাতুন ও শাবনাজ বেগমের নেতৃত্বে আবারও উত্তেজিত হয়ে ওঠেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা ইনস্টিটিউটের মূল ফটক বন্ধ করে দিয়ে দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেরা খাতুনকেও লাঞ্ছিত করেন তাঁরা। খবর পেয়ে অতিরিক্ত মহিলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাবনাজ বেগম বলেন, ‘কোনো মীমাংসা না করে ইনচার্জ মেডাম ঈদের ছুটি ঘোষণা করেন। তাই আমরা রেগে গিয়ে দরজা-জানালা ভাঙচুর করেছি। তবে ইনচার্জ মেডাম জাহেরা খাতুনকে আমরা কেউ মারধর করিনি।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেরা খাতুন বলেন, ‘সিভিল সার্জন মহোদয়ের পরামর্শে আমি ঈদের ছুটি ঘোষণা করি। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কিছু না বুঝেই ভাঙচুর শুরু করে। তবে তারা কেউ আমার গায়ে হাত তোলেনি। আমি তাদের মারমুখী আচরণে খুব ভয় পেয়েছিলাম।’
সিভিল সার্জন আহাদ আলী বলেন, তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া শুরু হয়। আকস্মিকভাবেই তাঁরা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন। তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঈদের ছুটি ঘোষণা করে সবাইকে নিবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এটি সরকারি প্রতিষ্ঠানের ব্যাপার। এ ঘটনায় এখনো কোনো মামলা বা কেউ কোনো অভিযোগ করেনি।