পঞ্চগড়ে নিষিদ্ধ বোমা মেশিন উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত সোমবার নিষিদ্ধ বোমা মেশিন উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই শ্রমিককে আটক করে তাঁদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা সভা হয়। সভায় উত্থাপন করা হয়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে কিছু অসাধু ও প্রভাবশালী ব্যক্তি তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় বোমা মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলন করছেন। পরে জেলা প্রশাসক তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
নির্দেশে পেয়ে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি ও মাসুদুর রহমান। এ সময় তাঁদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে দুটি বোমা মেশিন ও পাথর বহনে ব্যবহৃত একটি ট্রলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া অভিযানের সময় মাঝিপাড়া গ্রামের জমসের আলীর ছেলে ইনতাজ আলী ও জামরীগুড়ি গ্রামের রাশেদ আলীর ছেলে রেজ্জাককে আটক করা হয়।