পঞ্চগড়ে পাসপোর্ট কার্যালয় থেকে দুটি ক্যামেরা চুরি
পঞ্চগড়ে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের একটি কক্ষ থেকে গত রোববার রাতে দুটি ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার কার্যালয়ের উপপরিচালক মো. রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন।
মো. রুহুল আমিন বলেন, রোববার রাতে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ ছিল না। সম্ভবত তখন ছবি তোলার কক্ষের জানালার সিটকিনি ভেঙে কেউ ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। ওই সময় নৈশ প্রহরী নুর নবী ও ঝাড়ুদার আবদুল মান্নান কার্যালয়ে ছিলেন। গতকাল সকালে চুরির বিষয়টি ধরা পড়ে এবং পঞ্চগড় সদর থানার পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পুলিশ নুর নবী ও আবদুল মান্নানকে আটক করে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কিছু আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।