পঞ্চগড়ে বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত থেকে বাংলাদেশি এক জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে মো. আক্তারুল ইসলাম (৩০) নামের ওই জেলে মাছ ধরতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। তাঁকে ফিরিয়ে দিতে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
বিজিবি ও অপহৃতের পরিবারের সদস্যরা জানান, আক্তারুল গতকাল ভোরে ওই সীমান্তে মাছ ধরতে যান। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের সাঁকাতি সীমান্ত ফাঁড়িতে কর্মরত বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। তিনি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মরহুম হেকমত আলীর ছেলে।
বিজিবির শিংরোড সীমান্ত ফাঁড়িপ্রধান হাবিলদার মাহাফুজুর রহমান বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা অপহরণের কথা অস্বীকার করেছে। গতকাল দুপুর পর্যন্ত আক্তারুলের কোনো খোঁজ মেলেনি।’
দালালসহ চার বাংলাদেশি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশে আসার পথে এক দালালসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। গতকাল সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের কাজল মণ্ডল (৩০), ধনঞ্জয় মণ্ডল (৪২), দুর্গাবাটি গ্রামের প্রভাতী মণ্ডল (৪৫) ও আটুলিয়া গ্রামের উত্তম মণ্ডল (৪০)।
গ্রেপ্তার হওয়া প্রভাতী জানান, তাঁরা চিকিৎসার উদ্দেশ্যে সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্ত দিয়ে এক মাস আগে ভারতে যান। গতকাল সকালে শ্যামনগরের পরানপুর সীমান্ত দিয়ে ফিরে আসেন। আটুলিয়া গ্রামের উত্তম মণ্ডল তাঁদের কাছ থেকে মাথাপিছু ৫০০ টাকা নিয়ে এই পথ দিয়ে বাংলাদেশে আনেন। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।