পঞ্চগড়ে বাসে-ট্রাকে আগুন, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুরঝুলা বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিআরটিসির যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক। আজ বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে ধানহাটি মাঠে পার্কিং করা গাড়ি দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুই চালকসহ চারজন আহত হয়।

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এর আগেই গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে চড়ে আসা ছয়জন ব্যক্তি প্রথমে ধানহাটি মাঠে রাখা পরিবহন দুটির দরজা-জানালার কাচ ভাঙচুর করে। পরে তারা পাশাপাশি থাকা গাড়ি দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়ির ভেতর ঘুমিয়ে থাকা ট্রাকচালক সুমন, ট্রাকের মালিক শওকত আলী, বিআরটিসির বাসচালক আল আমিন ও তাঁর সহকারী লালন দ্রুত নামতে গিয়ে আহত হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম প্রধানের ভাষ্য, বিআরটিসি বাসটি প্রতিদিন সকালে এখান থেকে গাইবান্ধা যায়। এ ছাড়া বগদুরঝুলা বাজারে প্রায় প্রতি রাতেই একটি বিআরটিসি বাসসহ দু-একটি গাড়ি থাকে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।