পঞ্চগড়ে বিজিবির পিটুনিতে সাংবাদিক আহত
পঞ্চগড়ে বিজিবি সদস্যরা এক সাংবাদিককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ঘাগড়া সীমান্তে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত হওয়া ওই সাংবাদিকের নাম এ রহমান মুকুল (৪৩)। তিনি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের পঞ্চগড় জেলা প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি। তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, তিনি সাংবাদিক পরিচয় দিলে হয়তো অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটত না। তবে সাংবাদিক মুকুল অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বিজিবি সদস্যরা তাঁকে মারধর করেছেন।
সাংবাদিক মুকুল ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোররাতে ঘাগড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হন। এই খবর সংগ্রহ করতে গেলে তথ্য দিতে অস্বীকার করে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা কাচু মোহাম্মদ নামে এক কৃষককে মারধর করতে থাকে। তাঁকে মারধরের কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন। একপর্যায়ে তিনিসহ বিজিবির পাঁচ-ছয়জন সদস্য তাঁকে লাঠি এবং বাঁশ দিয়ে পেটাতে থাকেন। শেষে তাঁরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন।
বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার বলেন, সাংবাদিক পরিচয় না দিয়ে তিনি বিজিবি এবং অধিনায়ক মহোদয়কে ঘুষখোর বলে গালি দেন। এ জন্য সৈনিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।