পঞ্চগড়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
পঞ্চগড়ের বোদা উপজেলার ভোগপাড়া গ্রামে গতকাল সোমবার রাতে জহিরুল ইসলাম (২৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।
নিহত জহিরুল ইসলাম উপজেলার মাড়েয়া ইউনিয়নের ভোগপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাদামের পাইকারি ব্যবসা করতেন।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমীন প্রধানের বরাত দিয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান বলেন, গতকাল রাত ১২টার দিকে বাড়ির কাছাকাছি ধানখেতে গুরুতর আহত অবস্থায় জহিরুলকে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনেরা চিকিৎসার জন্য জহিরুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, জহিরুলের শরীরের বিভিন্ন জায়গায় লাঠির আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহিরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে পিটিয়েছে, তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।