পঞ্চগড়ে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জগদল সতরংপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে রাতে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হকের কাছে লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। ক্ষুব্ধ এলাকাবাসী ও শিশুটির স্বজনেরা গতকালঅভিযুক্ত আবু তাহেরকে (২৫) ধরে গ্রামপুলিশ আবদুল করিমের হাতে তুলে দেয়। অবশ্য পরে চেয়ারম্যানের নির্দেশে আবদুল করিম তাঁকে ছেড়ে দেন।

চেয়ারম্যান এনামুল হক তাঁর নির্দেশে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাহের ওই চৌকিদারকে ঘুষি মেরে পালিয়েছেন। ধর্ষণের ঘটনা সত্য। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে দেওয়া অভিযোগটি থানায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শিশুটির মা-বাবা অভিযোগ করেন, সাতমেরা ইউনিয়নের খাসমহাল গ্রামের আবু তাহের তাঁদের সঙ্গে একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। ঘটনার দিন সকালে শিশুটিকে তাহেরের কাছে রেখে তাঁরা কাজে চলে যান। বেলা দুটার দিকে তাহের শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে কোলে বসিয়ে টেলিভিশন দেখেন। একসময় দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরেন তাহের। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরলে শিশুটি কাঁদতে কাঁদতে মাকে সব কথা বলে দেয়। পরে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিউর রহমান বলেন, শিশুটি ধর্ষণের শিকার হওয়ার আলামত পাওয়া গেছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, তাহের মাদকাসক্ত। তিনি দুটি বিয়ে করলেও বর্তমানে কোনো স্ত্রীই তাঁর সঙ্গে থাকেন না।