পঞ্চগড়ে স্বামী-স্ত্রী খুন, ছেলে গ্রেপ্তার
পঞ্চগড়ে শহরের পুরোনো ক্যাম্প এলাকায় গতকাল রোববার বেলা আড়াইটার দিকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দম্পতির ছেলে মঞ্জুরুল হাসানকে আটক করেছে। আর তাঁকে আটক করতে গিয়ে পঞ্চগড় সদর থানার দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে মঞ্জুরুল হাসান (৩০) তাঁর মা সুলতানা আকতারকে (৫৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (৬৫) বাধা দিতে গেলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন ও এএসআই এনামুল হক মঞ্জুরুল হাসানকে আটক করতে যান। এ সময় মঞ্জুরুল তাঁদের কুপিয়ে আহত করেন। তাঁর হামলায় গুরুতর আহত হন প্রতিবেশী পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমানের স্ত্রী নাসিমা বেগম। মঞ্জুরুল হাসান নিজেও আহত হয়েছেন। পরে পুলিশ তাঁকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত নাসিমা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ঘাড়ের ওপরে কোপ লেগেছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পঞ্চগড় চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) হিসেবে কর্মরত মঞ্জুরুল বিবাহিত ও চার মাস বয়সের একটি পুত্রসন্তানের বাবা। মিজানুর রহমানও চিনিকলের কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন।
মঞ্জুরুলের স্ত্রী সেলিনা বেগম জানান, ‘কয়েক দিন ধরে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। কোনো কারণ ছাড়াই বড় ছুরি নিয়ে প্রথম আমার শাশুড়িকে জবাই ও কুপিয়ে হত্যা করেন। তখন আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই।’
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মিজানুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় এবং সুলতানা আকতারকে পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঞ্জুরুলের বড় ভাই মো. আকতারুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। মঞ্জুরুল হাসানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।