পঞ্চগড়ে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘির পাশে কবরস্থানের ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করে বোদা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কে কৈকিল্লা দিঘির পাশে কবরস্থানের ঝোপঝাড় থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। ঝোপঝাড়ের মধ্যে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। সম্ভবত লাশটি ১৫ থেকে ২০ দিন আগের হতে পারে। লাশটি অর্ধগলিত হওয়ায় এলাকার কেউই তাঁকে চিনতে পারছে না। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কেও সঠিক ধারণা পাওয়া যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান ওসি।