পঞ্চগড়ে কলেজছাত্রীকে মারধরের অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গত বৃহস্পতিবার এক ছাত্রের বিরুদ্ধে কলেজছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই কলেজছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। সে আটোয়ারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে পাশের আটোয়ারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়। সে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। একই কলেজের এক ছাত্র প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। ওই ছাত্র তাকে প্রেমেরও প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ওই ছাত্র দেখে নেওয়ার হুমকি দেয়। ওই ছাত্রী তার পরিচিত এক যুবকের সঙ্গে গত বৃহস্পতিবার সকালে স্থানীয় রূপনগর বিনোদন পার্কে বেড়াতে যায়। এ খবর জানতে পেরে ওই ছাত্র তার এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ওই বিনোদন পার্কে যায়। এ সময় ওই ছাত্রীকে ওই যুবকের সঙ্গে দেখতে পেয়ে ওই ছাত্র তাকে (ছাত্রী) এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে। এতে সে (ছাত্রী) অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মওলা বক্স বলেন, ওই ছাত্রীর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা ওই দিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মূল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।