পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপ নামের একটি পোলট্রি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রামবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে গ্রামবাসী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে ওই জমি নিজেদের বলে দাবি করেছে পোলট্রি প্রতিষ্ঠানটি।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আসির উদ্দিন, সাবেক ইউপি সচিব সেরাজুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রভাবশালী পোলট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপ স্থানীয় লোকজনের ১০ একরের বেশি জমি দীর্ঘদিন ধরে দখল করে আছে। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও নানা অজুহাতে মালিকানার সপক্ষে কাগজপত্র দেখানো থেকে বিরত রয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে থানায়ও অভিযোগ করা হয়েছে।
সরেজমিনে গতকাল দেখা গেছে, যেখানে সংবাদ সম্মেলন হয়েছে, তার পাশের জমিতেই পোলট্রি প্রতিষ্ঠানটির লোকজন দুটি তাঁবু টানিয়ে অবস্থান করছেন। এদিক সেদিক পড়ে আছে সিমেন্টের পিলার। সেখানে অবস্থান করা প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার শাহাদাত হোসেন বলেন, ফার্মের জমির দখল ঠিক রাখতে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কয়েক দিন ধরে অবস্থান করছেন।
এদিকে ভুক্তভোগী গ্রামবাসীর অভিযোগ, তাঁরা গ্লোব নামের একটি প্রতিষ্ঠানের কাছে ২০০১ সালে জমি বিক্রি করেছিলেন। গ্লোবের কাছ থেকে ২০০৬ সালে ওই জমি কাজী ফার্মস কেনে। এরপর থেকেই পোলট্রি ফার্মটি কেনা জমির বাইরেও আশপাশের অনেকের জমি ধীরে ধীরে দখল করে নিতে থাকে। সম্প্রতি নিজেদের জমি ফিরে পেতে গ্রামবাসী সংগঠিত হলে প্রতিষ্ঠানটি দখল করা জমিতে সশস্ত্র পাহারা বসায়। এক সপ্তাহ ধরে তারা জমিতে অবস্থান করছে। দিনে কম লোক থাকলেও রাতে ভাড়া করা লোক এনে এখানে রাখা হয়।
কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান মুঠোফোনে বলেন, অন্যের জমি নয়, নিজেদের জমি রক্ষায় এ ব্যবস্থা।
সাবেক ইউপি সচিব সেরাজুল ইসলাম বলেন, ‘যে অবস্থা দেখছি, তাতে কখন কী হয় বলা যায় না। আতঙ্কের মধ্যে আছি। তাড়াতাড়ি এর একটা সুরাহা হওয়া দরকার।’
শিলাইকুঠি গ্রামের সপিজুল ইসলাম জানান, তিনি গ্লোবের কাছে মাত্র ২২ শতক জমি বিক্রি করেছিলেন। কিন্তু গ্লোবের কাছ থেকে কেনার পর কাজী ফার্মস তাঁর আরও প্রায় চার বিঘা জমি দখল করে নিয়েছে।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, কাজী ফার্মস জমির মালিকানার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। বারবার সময় নিচ্ছে।
তেঁতুলিয়া থানার ওসি এ জেড এম আসাদুজ্জামান বলেন, অভিযোগকারী লোকজন কাগজপত্র জমা দিয়েছেন। কাজী ফার্মস আজকে (সোমবার) দিতে চেয়েছে। দুই পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।