পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় মুক্তা (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার গভীর রাতে হত্যার উদ্দেশ্যে মুখে কীটনাশক ঢেলে দিয়ে ঘটনাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মুক্তার স্বামী মকলেছার রহমানকে আটক করেছে পুলিশ।
মুক্তার বাবা হুসেন আলী অভিযোগ করেন, আট বছর আগে বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের মকলেছার রহমানের সঙ্গে মুক্তার বিয়ে হয়। এরপর থেকেই মকলেছার যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে প্রায়ই মুক্তাকে নির্যাতন করে আসছিলেন। তাঁকে গত সোমবার গভীর রাতে মুঠোফোনে জানানো হয়, মুক্তা বিষ খেয়েছে। দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলা হলেও সকালে মুক্তাকে হাসপাতালে নেয় তাঁর স্বামীর পরিবার। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলাও হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।