পঞ্চগড়ে জামিনকে কেন্দ্র করে আদালতে হইচই
পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে এক আসামির জামিনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার হইচইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার জরুরি সভার আহ্বান করেছে আইনজীবী সমিতি।
আদালত ও কয়েকজন আইনজীবী সূত্রে জানা গেছে, একটি মামলায় আসামি আবু সালেক সরকার গতকাল মুখ্য বিচারিক হাকিম মো. আবিদ আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আসামিকে নিরাপত্তা হেফাজতে রাখার ও ১২ জুন অধিকতর শুনানির দিন ধার্য করেন। কিন্তু আবু সালেককে জামিন না দেওয়ায় তাঁর আইনজীবীরা চেঁচামেচি ও হইচই শুরু করলে বিচারক এজলাস থেকে খাসকামরায় চলে যান। এ ঘটনার পর আর আদালতের কার্যক্রম চলেনি।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বিচারিক হাকিম আদালতের স্টেনোটাইপিস্ট হোসনে আরা স্বামী আবদুল মান্নান ও সন্তানদের রেখে গত ৪ জানুয়ারি সদর উপজেলার গলেহা কান্তমনি এলাকার আবু সালেকের সঙ্গে চলে যান। এ ঘটনায় মান্নান গত রোববার মুখ্য বিচারিক হাকিম আদালতে আবু সালেক ও হোসনে আরাসহ চারজনকে আসামি করে মামলা করেন। আদালত প্রত্যেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির জামিন বা জামিন নামঞ্জুর—এমন কোনো সিদ্ধান্ত না দিয়ে অধিকতর শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেন আদালত। আদালতের এমন সিদ্ধান্তে আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছেন। এ ছাড়া হোসনে আরা স্বামী মান্নানকে তালাক দিয়ে আবু সালেককে বিয়ে করেছেন।’
বাদীপক্ষের আইনজীবী মো. জিল্লুর হোসেন বলেন, আদালত জামিন দেননি, জামিন নামঞ্জুরও করেননি। শুনানির জন্য দিন ধার্য করতেই পারেন। আদালতের এ সিদ্ধান্তে আইনজীবীদের এমন আচরণ কাম্য নয়।
আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ বলেন, এ ঘটনায় আজ জেলা আইনজীবী সমিতির তলবি সভা আহ্বান করা হয়েছে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।