পঞ্চগড়ে ট্রাকচাপায় পিআইও নিহত আহত ১
পঞ্চগড়ে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইউনুস আলী (৫০) নিহত হয়েছেন। দিনাজপুরে নিহত হয়েছেন পারভীন বেগম (১৮) নামের নারী। গতকাল বৃহস্পতিবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
গতকাল দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সদর উপজেলা পরিষদ গেটের সামনে পিআইও ইউনুস আলী দুর্ঘটনার শিকার হন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিআইওর অফিস সহকারী বিজয় চন্দ্র (৪০)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিআইও ইউনুস ও অফিস সহকারী বিজয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে আলাপের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বীরগঞ্জে নিহত পারভিন উপজেলার নাগরিসাগরী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে বীরগঞ্জ সদরে আসার সময় রাস্তার একটি গর্ত অতিক্রম করতে গিয়ে পারভিন ছিটকে পড়ে প্রাণ হারান।