পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নানের বিরুদ্ধে হয়রানি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসক, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই লিখিত অভিযোগে জানা গেছে, শহরের ডোকরোপাড়ার বাসিন্দা আজহারুল ইসলাম তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে গত ২৮ অক্টোবর আবেদন করেন। গত ১০ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ দেওয়া হয়। আজহারুল ১০ ডিসেম্বর সংশোধিত জাতীয় পরিচয়পত্র নিতে গেলে তাঁকে বলা হয়, ‘আপনার পূর্বের আবেদনের কাগজপত্র পাওয়া যাচ্ছে না।’ তাঁকে নতুন করে কাগজপত্র দিতে বলা হয়। এ সময় অফিসের একজন এমএলএসএস তাঁকে এক হাজার টাকাসহ কাগজপত্র নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে বলেন। তিনি টাকা না দিয়ে শিক্ষাগত যোগ্যতার সনদ, পৌরসভার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জমির দলিলের ফটোকপি ও বিদ্যুৎ বিলের ফটোকপি জমা দেন। সেই থেকে তিনি ওই অফিসে ঘুরতে থাকেন। ১৫ জুন সকালে তাঁর স্ত্রী সংশোধিত জাতীয় পরিচয়পত্র চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা নতুন করে কাগজপত্র দিতে বলেন। বারবার ঘোরানোর কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা তাঁর সঙ্গে অসদাচরণ করেন ও ধমক দিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওই কর্মকর্তা আরও খারাপ আচরণ করেন।
তবে আবদুল হান্নান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন কমিশনেই সমস্যা। সেখান থেকেই তা হচ্ছে না।