দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার চেষ্টার অভিযোগ
পঞ্চগড়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী চার ঘণ্টা অবরুদ্ধ
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১ কোটি ৬০ লাখ টাকার কাজ নির্বাহী ও উপবিভাগীয় প্রকৌশলী মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে গতকাল মঙ্গলবার বঞ্চিত ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পাউবোর স্থানীয় কার্যালয়ের প্রধান দরজায় তালা লাগিয়ে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। দুপুরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পঞ্চগড় পাউবো সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলকুড়া এলাকায় বালি, সিমেন্ট ও গ্যানি ব্যাগ দিয়ে করতোয়া নদীর তীর সংরক্ষণের জন্য তিনটি গ্রুপে দ্বিতীয় দফায় ইজিপি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে তিনটি গ্রুপে ৬ জন করে ১৮ জন ঠিকাদার অংশ নেন। এর মধ্যে সর্বনিম্ন ১ দশমিক ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ২৯ শতাংশ নিম্ন দরে ঠিকাদারেরা দরপত্র দাখিল করেন। সর্বনিম্ন ২৯ শতাংশ দরদাতা হলো মেসার্স খন্দকার শাহীন আহমেদ ও দ্বিতীয় সর্বনিম্ন ১৪ শতাংশ দরদাতা হলো গুডম্যান এন্টারপ্রাইজ। গত ১৩ জুন ছিল দরপত্র দাখিলের শেষ সময়।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার শাহীন আহমেদের প্রতিনিধি কামরুজ্জামান শেখ অভিযোগ করে বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স খন্দকার শাহীন আহমেদের কাজটি পাওয়ার কথা। কিন্তু নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও উপবিভাগীয় প্রকৌশলী রবীন্দ্র চন্দ্র ১৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা গুডম্যান এন্টারপ্রাইজকে কাজটি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজটি দিলে সরকারের ২২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হবে। নিয়ম অনুযায়ী হয় সর্বনিম্ন দরদাতাই কাজটি পাবেন, নইলে দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বান করতে হবে। কিন্তু নির্বাহী প্রকৌশলী এসব নিয়ম না মানায় গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে পুলিশের উপস্থিতিতে কামরুজ্জামান শেখের সঙ্গে মিজানুর রহমানের একান্ত বৈঠক হয়। বৈঠকে মিজানুর রহমান বলেন, এখনো মূল্যায়ন চলছে ও ঠিকাদার নির্বাচন চূড়ান্ত হয়নি।
পঞ্চগড় পাউবো সূত্রে আরও জানা গেছে, এর আগে একই কাজের একটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু সর্বনিম্ন ৩৪ শতাংশ দরে দরপত্র দাখিল করা হয়। অস্বাভাবিক সর্বনিম্ন দর দাখিল করায় কর্তৃপক্ষ ওই দরপত্র বাতিল করে আবার তিনটি গ্রুপে ভাগ করে নতুন করে দরপত্র আহ্বান করে। তবে কুড়িগ্রাম ও আরও দু-একটি এলাকায় একই ধরনের কাজে ৩০ শতাংশের বেশি নিম্ন দরে কার্যাদেশ দেওয়া হয়েছে ও সেসব কাজ চলমান আছে।
উপবিভাগীয় প্রকৌশলী রবীন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো ঠিকাদারকে কাজ দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি দরপত্র মূল্যায়ন কমিটির একজন সদস্য মাত্র।’
অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে পঞ্চগড় পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর বলেন, ‘ঘুষের বিনিময়ে ঠিকাদার নিয়োগের অভিযোগ সঠিক নয়। প্রতিটি গ্রুপে ছয়জন করে ঠিকাদার দরপত্র জমা দিয়েছেন। সর্বনিম্ন দরদাতা মেসার্স খন্দকার শাহীন আহমেদ। দরপত্র মূল্যায়ন চলছে। এখনো ঠিকাদার নির্বাচন করা হয়নি। অফিসের নিরাপত্তার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে।’