পঞ্চগড়ে পুরোহিত হত্যার দায় স্বীকার আইএসের
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তগৌড়িয়া মঠে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত যোগেশ্বর রায় হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এই দায় স্বীকার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আজ রোববার সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে গিয়ে কয়েকজন দুর্বৃত্ত যোগেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করে। একই সময়ে গোপাল চন্দ্র রায় (৩৫) নামের এক সাধুকে গুলি করা হয়। তাঁকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তদের হামলায় আহত হন মঠের পাশের এলাকার নিতাই পদ দাস (৪০) নামের একজন। তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে আইএস। এর আগে বাংলাদেশে জাপানি ও ইতালিয় নাগরিক হত্যাসহ বেশ কিছু হামলার দায়ও স্বীকার করে বিবৃতিতে দিয়েছিল আইএস।
বাংলাদেশ সরকার দেশে আইএসের উপস্থিতির কথা বারবার নাকচ করে আসছে।
আরও পড়ুন: