পঞ্চগড়ে মন্দিরের স্তম্ভ ভাঙচুর
পঞ্চগড়ের আটোয়ারীতে গত মঙ্গলবার গভীর রাতে মলানী শ্রীশ্রীহরি মন্দিরের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার মলানী শ্রীশ্রীহরি মন্দিরের পাঁচটি স্তম্ভের (চূড়া) মধ্যে দক্ষিণ-পশ্চিম কোণের একটি গত মঙ্গলবার গভীর রাতে ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
মন্দিরের পাশের বাসিন্দা ও স্থানীয় পূজা কমিটির সভাপতি রতন বিলাশ বর্মণ বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি মন্দিরের একটি স্তম্ভ মাটিতে পড়ে আছে। তবে কাউকে পালাতে দেখিনি। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মন্দিরটিতে সনাতন ধর্মের অনুসারীরা পূজা-অর্চনা করে আসছেন।’
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, সকালে ওই মন্দিরে সিরেন চন্দ্র রায় প্রতিদিনের মতো পূজা করতে এলে মন্দিরের ওপরের একটি চূড়া ভাঙা দেখতে পান। মন্দিরের চারপাশের দেয়ালে আঘাতের চিহ্নও ছিল। ইট-সুরকির ভাঙা অংশ এখানে-সেখানে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র বলেন, সকালে তাঁরা মন্দিরের ওই চূড়াটি টিনের ওপর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে দুর্বৃত্তরা চূড়াসহ দেয়াল ভাঙচুর করে। খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ ছাড়াও র্যা ব, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এমন কাজ করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।