পঞ্চগড়ে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পঞ্চগড়ে দরিদ্র ও দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা প্রণয়ন ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বাছাই কমিটির সদস্যদের স্বজনপ্রীতির জন্য ওই চাল বিত্তবানদের ঘরে যাচ্ছে বলে অনেকের অভিযোগ। এ ছাড়া ডিলারদের বিরুদ্ধে রয়েছে ওজনে কম দেওয়াসহ নানা অভিযোগ।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক বিত্তবান লোকলজ্জার ভয়ে ওই চাল কিনছেন না। বিত্তবানেরা গরিব মানুষকে দিয়ে ওই চাল কিনছেন। আর যে তুলে দিচ্ছেন পারিশ্রমিক হিসেবে তাঁকে দেওয়া হচ্ছে ৩ কেজি চাল। পরে ওই চাল ব্যবসায়ীদের কাছে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন বিত্তবানেরা।

সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে চালের কার্ড দেওয়া হয়েছে আবদুল করিম নামের এক ব্যবসায়ীকে। ৭ নম্বর ওয়ার্ডে কার্ড দেওয়া হয়েছে আনারুল ইসলাম, সহিদুল ইসলাম, তহিদুল ইসলাম, আজুল প্রধান, আবুল প্রধান নামের কয়েকজন ব্যবসায়ী ও আতাউর রহমান নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে।

৯ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান নামের এক ব্যক্তি তাঁর পরিবারের ১১ জন সদস্যের নামে কার্ড নিয়েছেন।

এদিকে সদর ইউনিয়নের ডুডুমারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে ১০ টাকা কেজির কার্ড পেয়েছেন মাত্র পাঁচজন।

ডুডুমারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘আমার একটা মেয়ে প্রতিবন্ধী, আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। তিনি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়ে আছেন, আমাদের আটজনের সংসার। অথচ আমাদের ১০ টাকা কেজি চালের কার্ড হলো না। আমাদের পাশেই যাদের পাকা বাড়িঘর আছে, সারা বছর ঘরের ধানের ভাত খায় মেম্বার তাদের কার্ড দিল, আমরা কী অপরাধ করলাম।’

মাহানপাড়া এলাকার জঙ্গলু মোহাম্মদ (৭২) বলেন, ‘আমি বয়সের ভারে চলতে পারি না, কাজ-কাম করতে পারি না, আমাকে কার্ড দিল না। অথচ কার্ড দিল বিল্ডিং বাড়ি আছে এ রকম লোকদের।’

এদিকে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের ডিলার হায়াতুল করিম মামুনের বিরুদ্ধে। তবে হায়াতুল করিম বলেন, ‘আমি কখনোই চাল কম দেইনি। তবে প্রথম দিকে ডিজিটাল পাল্লার হিসাব আমার লোকজনেরা বুঝতে না পেরে একটা চটের বস্তা দিয়ে কয়েকজনকে চাল দিয়েছিল। পরে আমি তা নামিয়ে ফেলেছি।’

তালিকা প্রণয়নে অনিয়মের বিষয়ে সদরের ইউপি চেয়ারম্যান জাহেদুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সদর উপজেলার ইউএনও লায়লা মুনতাজেরী দীনা বলেন, ‘কিছু কিছু এলাকা থেকে এ ধরনের অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। দ্রুত তদন্ত করে সঠিক তালিকা নিরূপণের ব্যবস্থা নেওয়া হবে।’