পঞ্চগড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গত বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে।
আশরাফুল ইসলাম ইউনিয়নের আমবাড়ি এলাকার রমজান আলীর ছেলে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুকুরীডাঙ্গা বাজারে আদর্শ ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে সেখান থেকে আশরাফুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ১ হাজার টাকার নোটে ১১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সেই সঙ্গে জাল নোট তৈরির সরঞ্জামসহ একটি কম্পিউটার ও একটি প্রিন্টারও জব্দ করা হয়েছে। স্টুডিওর মালিক একই গ্রামের আবদুল মজিদের ছেলে মো. লিটনকে (৩২) পাওয়া যায়নি।
ক্যাম্প কমান্ডার আবুল কাশেম বলেন, মামলা করার পর আশরাফুলকে পঞ্চগড় থানায় হস্তান্তর করা হবে।