পঞ্চগড়ের কারাধ্যক্ষকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) আবদুল হান্নানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
কারা মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) কার্যালয়ের জরুরি ফ্যাক্সবার্তায় আবদুল হান্নানকে খাগড়াছড়ি জেলা কারাগারে বদলি করা হয়। পঞ্চগড়ে তাঁর স্থলাভিষিক্ত হবেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারাধ্যক্ষ ইউনুস জামান।
কারাগার সূত্র জানায়, সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আবদুল হান্নানের বিরুদ্ধে ফেনসিডিল পান, অর্থের বিনিময়ে কারাগারে আটক মাদকসেবীদের গাঁজাসহ মাদকদ্রব্য সরবরাহ, হাজতি ও কয়েদিদের নানা অজুহাতে হয়রানি, উৎকোচ নেওয়ার অভিযোগ করা হয়। পরে কারাধ্যক্ষকে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আইজি-প্রিজন বরাবর চিঠি পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে কারাধ্যক্ষের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বা তাঁকে বদলি করা হয়নি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং আবার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন কারাধ্যক্ষকে অন্যত্র বদলির অনুরোধ জানিয়ে আইজি-প্রিজনকে ফোন করেন। ভারপ্রাপ্ত কারা তত্ত্বাবধায়ক এস এম ফেরদৌস ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।