পঞ্চম দিনেও আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ, প্রতিবাদ র্যালি ও সড়ক অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে ইংরেজি বিভাগের অবরোধের সঙ্গে গিয়ে মিলিত হয়। বেলা ১১টার দিকে ইংরেজি বিভাগ তাদের কর্মসূচি শেষ করে র্যালি নিয়ে শহীদুল্লাহ কলা ভবনের সামনে এসে কর্মসূচি শেষ করে। এরপর সাধারণ শিক্ষার্থীরা সেখানে আরও ১৫ মিনিট অবরোধ কর্মসূচি শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের লিচুতলায় অবস্থান নেয়। সেখানে ‘জাগো জাগো, মানুষ জাগো’, ‘আমার শিক্ষক মাটিতে কেন, প্রশাসন বিচার চাই’, ‘সন্ত্রাস-হামলা যেখানে, লড়াই করব সেখানে’ প্রভৃতি স্লোগান দেন। সেখানে তাঁরা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করেন। প্রায় একই সময়ে ক্যাম্পাসে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ ছাড়া ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
অপর দিকে সারা দেশে ‘জামায়াত-শিবিরের গুপ্ত হত্যা’ ও অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন দুপুর ১২টা থেকে গত সোমবার পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এই সাত দিনে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হলে পুনরায় কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছে শিক্ষক সমিতি।