পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে
‘দোকানদার রহিম মিথ্যা কথা বলে আমাকে লালমনিরহাটে আনেন। সেখানে নিয়ে আমাকে বিয়ে করার কথা বলেন। এ সময় আমি কান্নাকাটি করলেও তিনি আমার কথা শোনেননি। ভয় দেখিয়ে উকিলের কাছে কাগজে স্বাক্ষর করতে বলেন। তাঁর কথামতো আমি তাতে স্বাক্ষর করেছি। আমি রহিমের সঙ্গে সংসার করতে চাই না। রহিমের বউ ও সন্তানদের সঙ্গে আমি ঘর করব না। আমি পড়তে চাই। আমাকে বাঁচান।’
এ আকুতি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রাশেদা খাতুনের (১৩)। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চর খারুয়া গ্রামের বাসিন্দা মো. আবদুর রহিম (৩১) একই গ্রামের ওই মেয়েটিকে বিয়ে করেন। এটি রহিমের দ্বিতীয় বিয়ে। তাঁর আগের পক্ষের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের লোকজন জানান, গত ২৬ জুন লালমনিরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে আবদুর রহিম ও রাশেদা খাতুনের বিয়ে হয়। তাতে লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী মো. আবদুর রশিদ সরকারের স্বাক্ষর রয়েছে। এতে রহিমের বয়স ২৫ ও রাশেদার বয়স ১৮ উল্লেখ করা হয়েছে। তবে মোগলহাট ইউনিয়ন পরিষদে রক্ষিত জন্মনিবন্ধনে রহিমের জন্মতারিখ ১৯৮৩ সালের ৩০ জুন এবং রাশেদার জন্মতারিখ ২০০০ সালের ২৩ ডিসেম্বর বলে উল্লেখ রয়েছে। রাশেদা বলে, ‘আমার বাবা দিনমজুর হলেও এ বিয়েতে তাঁর মত নাই। ভাইও রাজি না।’ আবদুর রহিম বলেন, ‘গ্রামে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।