
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতের হাতে রক্তের দাগ নতুন নয়। বছর দেড়েক আগে তারা নিজেদের রক্ষায় ছয় লাখ টাকায় চা-পল্লির দুই খুনের ঘটনা ধামাচাপা দিয়েছিল। সর্বশেষ এই পঞ্চায়েতের বিরোধেরই বলি হয় নিরীহ চার শিশু। শিশু হত্যা মামলায় গ্রেপ্তার এক পঞ্চায়েত নেতার ছেলে রুবেল চা-পল্লিতে আক্রমণের মামলারও আসামি ছিলেন।
সুন্দ্রাটিকি গ্রামের উপকণ্ঠে রশিদপুর বাজার। এ বাজারের পাশেই রশিদপুর চা-বাগান শ্রমিকদের বসতি চা-পল্লি হিসেবে পরিচিত। প্রতিবছর দুর্গাপূজা শেষে বাজার লাগোয়া মন্দিরের মাঠে মেলা হয়। চা-পল্লির পাঁচ সহস্রাধিক শ্রমিকসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের ধর্ম-বর্ণনির্বিশেষ মানুষের সমাগম ঘটে সেই মেলায়। ২০১৪ সালের ৩ অক্টোবর মেলার প্রথম দিন গত রাত আটটায় একজন চা-শ্রমিক নারী বখাটেদের হাতে লাঞ্ছিত হন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
মেলা বন্ধ করে ৫ অক্টোবর নারী লাঞ্ছনার ঘটনাটি সামাজিকভাবে বৈঠক করে মীমাংসার উদ্যোগ নিলে ওই দিন সকালবেলা সুন্দ্রাটিকি গ্রাম থেকে দেড় শতাধিক সশস্ত্র লোক চা-পল্লিতে হামলা করে। চা-শ্রমিকদের ৩৪টি ঘর, একটি প্রাক্-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। হামলা ঠেকাতে গিয়ে অর্ধশতাধিক চা-শ্রমিক নারী, পুরুষ ও শিশু আহত হয়। এর মধ্যে রশিদপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পিয়ারী রবিদাসের ছেলে জগদীশ রবিদাসের নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনা রবিদাস (২২) মারা যান। আহত হয়ে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়ারি রবিদাসের বাড়িতে বেড়াতে আসা মেয়ের শিশুকন্যা সারথি রবিদাস (২)।
গত রোববার রশিদপুর বাজার হয়ে চা-পল্লিতে গিয়ে দেখা গেছে যে এখনো সেই হামলার চিহ্ন রয়ে গেছে। বাজারের একদিকে চা-পল্লির বসতবাড়ির সীমানা টিন দিয়ে ঘেরা। সেই টিনে রামদার কোপের চিহ্ন দেখা গেল। ভাঙচুর করা ঘরের অনেকগুলোই এখনো মেরামত করা হয়নি।
পিয়ারী রবিদাস প্রথম আলোকে বলেন, ঘটনার পরই চা-শ্রমিক জয়রাম লোহার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছিলেন। পরে দুজনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়ার সময় আপস প্রস্তাব আসে।
আপসরফা প্রসঙ্গে পিয়ারী রবিদাস বলেন, ‘সবাই এভাবেই শেষ করতে বলেছে। আমরা তো নিরীহ মানুষ! বাগানে কাজ-কাম করি, মিলেমিশে থাকতে চাই। আমরার মন না মানলেও শেষ পর্যন্ত জনগোষ্ঠীর স্বার্থের কথা বিবেচনা করে ওই রকমভাবে শেষ করতে অইছে।’
ওই ঘটনায় ৬ অক্টোবর বাহুবল থানায় দ্রুত বিচার আইনে যে মামলা (নম্বর ০৪/১৮২) হয়, তাতে চার শিশু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত কমিটির এক পক্ষের প্রধান আবদুল আলী ওরফে বাগাল, তাঁর ছেলে রুবেল মিয়া, আরেক পঞ্চায়েতপ্রধান সেলিম মিয়াসহ ৫০ জন আসামি ছিলেন। অজ্ঞাত আসামি ছিলেন ১৫০ জন। কিন্তু দুজনের মৃত্যুর ঘটনায় চা-শ্রমিকদের পক্ষ থেকে হত্যার অভিযোগে আরেকটি মামলা করতে গলে সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতের আটটি পক্ষ সম্মিলিতভাবে বৈঠক ডেকে আপসের প্রস্তাব দেয়। ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২ নভেম্বর উভয় পক্ষে আপসরফার চুক্তি হয়।
ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মো. মুত্তাচ্ছির মিয়া জানান, স্থানীয় সাংসদ, জেলা পরিষদ প্রশাসকসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সুন্দ্রাটিকির ৫০ গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে চা-শ্রমিকদের ছয় লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপসরফা হয়। ইউপি চেয়ারম্যান অবশ্য স্বীকার করেন, সুন্দ্রাটিকির পঞ্চায়েত কমিটির এক পক্ষের প্রধান আবদুল আলীসহ গ্রামের অন্যান্য পঞ্চায়েতের লোকজনকে রক্ষা করতে আপসরফা করা হয়েছিল।
হামলা, ভাঙচুর ও হতাহতের ঘটনা এভাবে আপস নিষ্পত্তি করা আইনি দৃষ্টিতে অপরাধকেই ধামাচাপা দেওয়া বলে মন্তব্য করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। ঘটনাটি অবহিত হয়ে তিনি প্রথম আলোকে বলেন, আপসযোগ্য ও আপসের অযোগ্য কিছু ঘটনা আছে। আপসযোগ্যগুলো সাধারণত পঞ্চায়েতি বা সামাজিকভাবে নিষ্পত্তি করা যায়। ওই ঘটনাটি আপসের অযোগ্য একটি ঘটনা। এসব ঘটনা নিষ্পত্তি করা অপরাধকে ধামাচাপা দেওয়া বা জিইয়ে রাখার মতো। তিনি বলেন, চা-পল্লিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যদি শিশু হত্যায়ও জড়িত হয়, তাহলে তো এটাই প্রমাণিত হয় যে এ ধরনের আপস নিষ্পত্তি অপরাধমূলক ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহিত করে।
গত ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের স্কুলছাত্র জাকারিয়া আহমদ (৮), তার দুই চাচাতো ভাই মো. তাজেল মিয়া (১২) ও মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী মাদ্রাসাছাত্র ইসমাইল মিয়া (১০)। পাঁচ দিনের মাথায় ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রামের পাশের একটি ছড়ার তীরে বালুচাপা দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশু মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ করে হত্যার অভিযোগে মামলা করেন।
পঞ্চায়েত নিয়ন্ত্রিত সুন্দ্রাটিকি গ্রামে আটটি পক্ষে বিভক্ত পঞ্চায়েত কমিটির একটির প্রধান আবদুল আলী ওরফে বাগাল, তাঁর দুই ছেলেসহ এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর পক্ষের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বাগালের দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রামে পঞ্চায়েতের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষকে দমাতেই চার শিশুকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে তাঁরা উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্র জানায়।
দেড় বছর আগের চা-পল্লির সেই ঘটনা ও অপসরফার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন। ওই ঘটনার পর থানায় যোগ দিয়েছেন জানিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চার শিশু নিখোঁজ হওয়ার পর এই থানার পুলিশ যথাযথ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন নিহত শিশুদের স্বজনেরা। সেদিন যে সন্দেহভাজনদের নাম তাঁরা বলেছিলেন, এখন তাদেরই শিশু হত্যার জন্য গ্রেপ্তার করা হচ্ছে।
সুন্দ্রাটিকি গ্রামের আটটি পঞ্চায়েত কমিটির মধ্যে একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আবদুল আলী ওরফে বাগাল। বাকি সাতটি পক্ষ থাকলেও সেগুলোর মধ্যে তেমন মতভিন্নতা থাকে না। এর মধ্যে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেওয়ার পর থেকে এক পক্ষের পঞ্চায়েতপ্রধান হাজি আবদুল খালিক মাস্টার। আপসরফার কথা ও ছয় লাখ টাকা চা-শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন প্রথম আলোর কাছে। তিনি বলেন, পুরো টাকা আবদুল আলীর দেওয়ার কথা থাকলেও এক টাকাও তিনি দেননি। শেষে সাত পঞ্চায়েত মিলে গ্রামবাসীর নামে থাকা কিছু জমি বিক্রি করে ওই টাকা শোধ করে। পঞ্চায়েত রক্ষায় গ্রামবাসীর জমি বিক্রি কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা পঞ্চায়েত করি গ্রামীণ সমাজে শান্তির জন্য। ওই বিবাদটার দায় সুন্দ্রাটিকি গ্রামবাসীর ওপর পড়ছিল, তাই ওইভাবেই শেষ করতে হয়েছে।’
যাঁদের রক্ষার জন্য আপস করা হয়, সেই পঞ্চায়েত কমিটির প্রধান আবদুল আলীর দুই ছেলেসহ তাঁর পক্ষের কয়েকজন চার শিশু হত্যায় জড়িত। এ বিষয়টি নিয়ে এখন আক্ষেপ করছেন সুন্দ্রাটিকির লোকজন। এ বিষয়ে জানতে চাইলে কিছুটা চিন্তাগ্রস্ত দেখায় আবদুল খালিককেও। আক্ষেপ করে বলেন, ‘এইটা তো অখন পঞ্চায়েতের পস্তানোর মতো একটা ঘটনা!’