পটিয়ায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি খুন গ্রেপ্তার তিন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে কামাল উদ্দিন (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। গতকাল রোববার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ চাটরা গ্রামের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আবদুল গফুর, মো. ছবুর ও মো. বেলাল।
পুলিশ জানায়, গতকাল সকালে নিহত কামাল উদ্দিনের ভাতিজা মিনহাজ উদ্দিনের সঙ্গে আবদুল গফুরের ভাতিজা আল আমিনের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পরিবারের বড় সদস্যরাও ঝগড়ায় জড়িয়ে পড়েন।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, দুপুরে মিনহাজের বড় ভাই মোহাম্মদ সুমন ঘর থেকে বের হলে আল আমিনের চাচা আবদুল গফুর তাঁকে মারধরের চেষ্টা করে। সুমনকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচা কামাল উদ্দিন। এ সময় গফুর ও তাঁর অন্য ভাইয়েরা কামাল উদ্দিনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।