পটিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কবির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশসহ ১৫ শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটাসহ ৮৫টি ফাঁকা গুলি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আট শ্রমিককে।
সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় প্রায় আধঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের এসআই মোহাম্মদ আলী, কনস্টেবল ইছমাইল, নজরুল, নুরুল হুদা, মানিক, আনসার নান্নু শেখ, শ্রমিক বদিউল আলম, মোজাম্মেল, আহমদুল হক, সাদেক, মোহাম্মদ আলম ও মহসিন। তাঁরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সুপ্রিয়া বড়ুয়া জানান, আহত ব্যক্তিদের মধ্যে মহসিন ছরার গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল থেকে পটিয়ার কবির মার্কেটস্থ শ্রমিক সংগঠন কার্যালয়ে পটিয়া অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির দ্বিবার্ষিক নির্বাচন চলছিল। বিকেল চারটার দিকে নির্বাচন কেন্দ্রের প্রধান ফটকের বাইরে সভাপতি প্রার্থী বদিউল আলমের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়।
সভাপতি প্রার্থী বদিউল আলম অভিযোগ করেন, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় পুলিশ কোনো কারণ ছাড়াই তিনিসহ তাঁর সমর্থকদের ওপর হামলা করেন।
তবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, সভাপতি প্রার্থী বদিউল আলমসহ তাঁর লোকজন কেন্দ্রের ভেতর প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক আনসারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮৫টি ফাঁকা গুলি করা হয়েছে। পুলিশের ওপর হামলার কারণে আট শ্রমিককে আটক করা হয়েছে।