পটিয়া বিউবোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে যুবলীগের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ বিভাগের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও যুবলীগের নেতা-কর্মীদের বাধার কারণে তা হতে পারেনি বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় তিনতলা ওই ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল বিউবো বিতরণ, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামের।
পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী বলেন, পটিয়ায় প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিউবোর নতুন ভবন নির্মাণ হচ্ছে। ভিত্তিফলকে সাংসদের নাম না থাকার বিষয়টি নেতা-কর্মীদের নজরে আসে। সাংসদকে না জানিয়ে বিউবোর প্রকৌশলী দিয়ে এটি উদ্বোধন করা হচ্ছিল। তিনি বলেন, সাংসদের সঙ্গে কথা বলে জেনেছি, এ ব্যাপারে সাংসদও অবগত নন। তাই সাংসদকে অবহিত না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে বাধা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পটিয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু ছাইদ জানান, ‘প্রধান প্রকৌশলী আসতে পারেননি, তাই উদ্বোধন হয়নি। বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’
বিউবো বিতরণ, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমার উদ্বোধন করার কথা ছিল। ব্যস্ততা থাকায় আমি আসতে পারিনি।’