পটিয়া সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ১৩
চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে ওয়াজ মাহফিলের মঞ্চ ভাঙার চেষ্টার ঘটনায় গতকাল বুধবার সকালে তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমর্থিত ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে র্যাব ও পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল দুপুরে শান্তিরহাটে বাংলাদেশ মুজাহিদ কমিটির পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিল যাতে হতে না পারে, সে জন্য গত মঙ্গলবার বিকেলে মঞ্চ ভাঙার চেষ্টা করেন ইসলামী ফ্রন্টের সমর্থকেরা। এ সময় গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, মঙ্গলবার বিকেলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়। দুটি মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০
থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত বলেন, একই ঘটনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি পটিয়া শাখার সভাপতি রাশেদুল ইসলাম বাদী হয়ে ওয়াজ মাহফিল বানচাল করার চেষ্টার অভিযোগ এনে আরেকটি মামলা করেন। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।