পটিয়ায় অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে আবদুল আজিজ (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজারা তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আবদুল আজিজের বাড়ি উপজেলার আশিয়া ইউনিয়নের পূর্ব আশিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল আজিজ গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি পটিয়া-কেরিঞ্জা সড়কের চাঁনখালী খালের পাড়ে পৌঁছালে তাঁর ভাতিজা আবদুর রহিমসহ (২৮) কয়েকজন ব্যক্তি তাঁর গতি রোধ করেন। এ সময় তাঁকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনার সময় আজিজ তাঁর বড় ছেলে আরাফাতের নাম ধরে চিৎকার করেন। চিৎকার শুনে আজিজের স্ত্রী ইসলাম খাতুন দৌড়ে ঘটনাস্থলে আসেন। পরে আজিজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী বলেন, ছয় মাস ধরে বাড়ির সীমানা নিয়ে আজিজের সঙ্গে তাঁর বড় ভাই মো. ইউনুচের ছেলেদের বিরোধ চলে আসছিল।
আজিজের স্ত্রী বলেন, ‘গত মঙ্গলবার সকাল থেকে আমাদের জায়গায় বেড়ার ঘর তৈরির কাজ চলছিল। এ নিয়ে ইফতারের সময় স্বামীর বড় ভাই মো. ইউনুচের ছেলে আবদুর রহিমদের সঙ্গে আমার স্বামীর কথা-কাটাকাটি হয়। ইফতারের পর আমার স্বামী অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১২টার দিকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’ তিনি বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে আমার স্বামী বলেছেন, ভাতিজা আবদুর রহিম (২৮) ও মোহাম্মদ আজম (৩০), খালাতো ভাই আবদুল ওহাবসহ (২৮) পাঁচজন মিলে তাঁকে কুপিয়েছে।’
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার বলেন, ময়নাতদন্তের জন্য আজিজের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য আজিজের বড় ভাই মো. ইউনুচকে আটক করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজারা আজিজকে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।