পটিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, দুজন 'গুলিবিদ্ধ'
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাশেদুল আলম নামের এক ব্যক্তি পটিয়া থানায় অভিযোগ করেছেন। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দিন মো. জসিমসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
বদরুদ্দিনের অভিযোগ, স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী সোমবার রাতে হাইদগাঁও মুক্তলতা পাঠাগার এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। সাংসদ সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি (বদরুদ্দিন) একটি মোটরসাইকেল বহর নিয়ে পটিয়া থানার মোড় পর্যন্ত যান। পরে কেলিশহর হয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম ও যুবলীগ নেতা মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে তাঁর বহরে হামলা চালানো হয়। এতে আবদুল মান্নান নামে তাঁর এক সমর্থক আহত হন।
উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, সাংসদকে বিদায় জানিয়ে তিনিসহ চার-পাঁচজন স্থানীয় ব্যক্তি চৌধুরীপাড়ার আলীর দোকানের পাশে বসে চা খাচ্ছিলেন। তখন বদরুদ্দিনের নেতৃত্বে একটি দল ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় বদরুদ্দিনের লোকজন তাঁর লোকজনকে ধাওয়া করে। পরে বদরুদ্দিনের লোকজনের গুলিতে রাশেদুল আলম ও মাইনুদ্দিন খালেক নামে তাঁর দুজন কর্মী আহত হন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম মজুমদার প্রথম আলোকে বলেন, খবর শুনে তিনি রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনি দুজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাঁদের হাসপাতালে যেতে বলেন।