চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির ১৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে এক থেকে দেড় হাজার ব্যক্তিকে।
গত বুধবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এর আগে বুধবার দুপুরে পটিয়ার ইন্দ্রপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
পুলিশ জানায়, মামলায় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোফাফ্ফর আহমদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমের নাম রয়েছে।
মামলায় ওই নামগুলো রয়েছে জানিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, কর্মিসভার আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, জনগণের চলাচলে বিঘ্ন ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে এই মামলা হয়েছে।