পটিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ কামাল।
মোহাম্মদ কামাল।

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ কামাল ওরফে কানা কামাল (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকালারপুল এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

পুলিশের দাবি নিহত কামাল মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে ধলঘাট ইউনিয়নের চন্দ্রকালারপুল এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সেতুর পূর্ব পাশের সড়কের ওপর কামালের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁর পকেট থেকে ৮০০ পিচ ইয়াবা ও ৪০০ টাকা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি কার্তুজ ও দুটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে রাত তিনটায় লাশটি উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি আজ রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি ডাকাতি ও সাতটি মাদকসহ আটটি মামলা রয়েছে।

গতকালের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবাসহ দুটি এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।