পটিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে জানু আকতার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী মোহাম্মদ নাজিমকে পুলিশ আটক করেছে।
গৃহবধূর পরিবার জানায়, শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ নাজিমের সঙ্গে ছয় বছর আগে জানু আকতারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। কিছু দিন ধরে স্বামীর আরেকজন নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে এ সন্দেহে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রোববার রাতে একই প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নাজিম তাঁর স্ত্রীকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে প্রথমে চন্দনাইশের একটি বেসরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জানু গতকাল ভোরে মারা যান। পরে সকাল ১০টার দিকে স্বামী ও পরিবারের সদস্যরা লাশ নিয়ে ফেরার পথে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে সবাইকে থানায় নিয়ে আসেন।
গৃহবধূর মামা মফিজুর রহমান অভিযোগ করে বলেন, নাজিম ও তাঁর বড় বোন মিলে জানু আকতারকে বেদম মারধর করেছেন এ তথ্য তাঁরা প্রতিবেশীদের কাছ থেকে জেনেছেন। এ ঘটনায় তাঁরা মামলা করবেন।
আটক নাজিম পটিয়া থানায় মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সোমবার রাতে তাঁর স্ত্রীর পেটে ব্যথা ওঠে। রাত তিনটার দিকে শৌচাগারে গিয়ে জ্ঞান হারান জানু আকতার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পটিয়া থানার উপপরিদর্শক বাসুদেব নাথ বলেন, সুরতহালে লাশের শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড় ও হালকা জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশের পেটে অস্ত্রোপচারের চিহ্ন ছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।