পটিয়ায় ঘরের ভেতর যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার জিরি এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ঘরের ভেতর থেকে এরফান (২৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ জিরি গ্রামের প্রবাসী এয়ার মোহাম্মদের ছেলে।
এ ব্যাপারে নিহত এরফানের মা ও তাঁর দুই ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মা শাহীদা আকতার (৪৫), ভাই ওসমান (২২) ও মোরশেদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ জিরি গ্রামের মানসিক রোগী মোহাম্মদ এরফান প্রতিদিনের মতো মঙ্গলবার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল নয়টার দিকে তাঁকে তাঁর মা শাহীদা আকতার ডাকতে গিয়ে দেখেন, গলাকাটা রক্তাক্ত অবস্থায় এরফানের মৃতদেহ। বিষয়টি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সওদাগর তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম সওদাগর প্রথম আলোকে বলেন, জেনেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ইতিপূর্বে তিনি আরও কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। গত পাঁচ থেকে ছয় দিন ধরে খাওয়া-দাওয়াও করেননি। পরিবারের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন ।
পটিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, শুনেছি তিনি আট বছর ধরে মানসিক রোগে ভুগছেন। তবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ দা দিয়ে জবাই করেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থা একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাঁর মা ও দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।