পটিয়ায় জালনোটসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ার মনসা এলাকা থেকে জালনোটসহ এক যুবককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু থেকে জালনোট তৈরির কাজে ব্যবহৃত একটি ফটোকপিয়ার ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি রামুতে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম আজিজুল হক ওরফে আজিম (২৭)। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে হাজির করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শখ করে জালনোট বানাতেন বলে দাবি করেন।
পটিয়া থানার এসআই আইয়ুবুর রহমান বলেন, আজিজুলের কাছে ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার জালনোট পাওয়া গেছে। তাঁর কাছে মোট চার হাজার টাকা মূল্যমানের জালনোট ছিল। নিজের কাছে জালনোট তৈরির সরঞ্জাম রয়েছে বলে স্বীকার করেন তিনি। পরে তাঁকে নিয়ে কক্সবাজারের রামুতে অভিযান চালানো হয়। সেখানে তাঁর দোকান থেকে জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা সাংবাদিকদের বলেন, কোরবানির ঈদ সামনে রেখে জালনোট তৈরির চক্র সক্রিয় হয়ে উঠেছে। পশুরহাটে কোরবানির গরু-ছাগল কেনাবেচার সময় এই চক্র জালনোটের সরবরাহ বাড়ায়। আজিজুলকে এই চক্রের সদস্য বলে মনে করছেন তাঁরা।