পটিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী গত বুধবার রাতে দুজনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৭ অক্টোবর কাশিয়াইশে বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী। গত ৩ নভেম্বর সকাল ১০টার দিকে ওই তরুণীর ভগ্নিপতির সৎভাই মোহাম্মদ রুবেল (২০) তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুপুর ১২টার দিকে রুবেল ও তাঁর বন্ধু এরশাদ (২০) ওই তরুণীকে বাকখাইন নয়াখাল পাড়ের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ওই তরুণী বোনের দেবরসহ তিনজনের সঙ্গে বাইরে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি শাহবুদ্দিন খলিফা।