পটিয়ায় দিনমজুরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর পাহাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার পাশ থেকে গতকাল বুধবার ভোরে মোহাম্মদ ওয়াসিম (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। দিনমজুর ওয়াসিম আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার ভোরে বাড়ি থেকে প্রায় ১ হাজার ফুট দূরে জাইল্যার বিল এলাকায় সড়কের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ওয়াসিমের বাবা কালু মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। তিনি বলেন, শত্রুতার জের ধরে কেউ ওয়াসিমকে হত্যা করে তাঁর মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন।
পটিয়া থানার এসআই থোয়াইন বলেন, ময়নাতদন্তের জন্য ওয়াসিমের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।