পটিয়ায় দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে মোহাম্মদ মানিক (১৮) নামে এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
ঘটনাটি ঘটেছে পৌর সদরের মধ্যম গৌবিন্দারখীল এলাকায়। মানিক লক্ষ্মীপুর জেলার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁর পরিবার অনেক বছর ধরে মধ্যম গৌবিন্দারখীল নজির আহমদ সওদাগরে বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক শহীদ ছবুর রোডে ইউসুফ সাউন্ড সিস্টেমের দোকানের কর্মচারী। তিনি তাঁর ভাড়া বাসাসংলগ্ন মোহাম্মদ হেলালের ছেলের খতনা অনুষ্ঠানের জন্য ইউসুফের দোকান থেকে সাউন্ড সিস্টেম নিয়ে যান। অনুষ্ঠান চলাকালে রাত আটটার দিকে ওখান থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেননি। রাতে বাসায় কিংবা অনুষ্ঠানে না আসায় তাঁকে তাঁর মামারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাননি।
এদিকে গতকাল বুধবার সকালে বাসা থেকে ১০০ গজ দূরে একটি পুকুরপাড়ে স্থানীয় জনগণ তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দোকানদার ইউসুফ বলেন, মানিক তাঁর দোকানের একসময় চাকরি করলেও বর্তমানে নিয়মিত কর্মচারী নয়। মাঝেমধ্যে সে কারও অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে যায়। গত মঙ্গলবারও তাঁর বাড়ির পাশে একটি অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে চালিয়েছে। এ সময় সন্ধ্যা সাতটার দিকে সে আমাকে ফোন করে একজন কাউকে পাঠাতে বলেন। এতে আমি দোকান কর্মচারী নেছারকে সেখানে পাঠাই।
নেছার (১৯) বলেন, ‘আমি রাতে সেখানে যাওয়ার পর মানিক একটি সাইকেল নিয়ে কোথায় যেন চলে যান। অনুষ্ঠানে আর ফেরেননি।’
মানিকের মা ইয়াছমিন আকতার বলেন, সাত বছর আগে তাঁর স্বামী মারা যান। এর পর থেকে তাঁর দুই ছেলেকে নিয়ে একই এলাকায় বাবার ভাড়া বাসায় থাকতেন, কিছুদিন আগে ছেলেদের বাবার বাসায় রেখে তিনি আরেকটি বাসায় থেকে একটি লবণ মিলে শ্রমিকের চাকরি করছেন।
পটিয়া থানার উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে গতকাল সকালে বাসা থেকে ১০০ গজ দূরে মানিকের লাশ উদ্ধার করি। তাঁকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাঁর ডান কানের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।