চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন।
পটিয়ায় নিহত নুরুল আবছারের (২৮) বাড়ি উত্তর-পশ্চিম হাইদগাঁও গ্রামে। গ্রামের মুন্সিপুকুরপাড়ে তাঁর আসবাব ও লেপ-তোশকের দোকান আছে।
স্থানীয় সূত্র জানায়, আবছারের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একই গ্রামের লোকমান হাকিম নামের এক ব্যক্তির বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তাঁর (আবছার) ওপর নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার জানান, নুরুল আবছারকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা ছিল। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাত ১টা ৪৫ মিনিটে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ২টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে রশি, লোহার পাইপ ও লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোকমান হাকিম (৪৫) ও তাঁর বড় ভাই আবদুল মান্নানকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য আবছারের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নুরুল আবছারের ছোট বোন পারভীন আকতার বলেন, নুরুল আবছার লোকমানের পরিবারের কাছে প্রায় চার লাখ টাকা পান। শুক্রবার রাতে তাঁর মা জানিয়েছেন, রাত ১২টার দিকে টাকা দেওয়ার কথা বলে মুঠোফোনে তাঁর ভাইকে লোকমানের বাড়িতে ডেকে নেওয়া হয়। রাত ১টার দিকে তাঁরা জানতে পারেন, তাঁর ভাইকে লোকমানের বাড়িতে বেঁধে মারধর করা হচ্ছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য আবদুল গফুর বলেন, রাত ১টার দিকে খবর পেয়ে তিনি লোকমানের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি আবছারকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় বাঁধন খুলতে চাইলে লোকমান ও মান্নান লোহার পাইপ নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, লোকমান হাকিম চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ জানায়, এ ঘটনায় আবছারের মা মরিয়ম বেগম গতকাল শনিবার লোকমান হাকিম, তাঁর বড় ভাই আবদুল মান্নান ও লোকমানের স্ত্রী রোকেয়া বেগমকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, লোকমানের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে নুরুল আবছার হয়তো রাতে সেই বাড়িতে যান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা এ ঘটনা ঘটাতে পারেন। এ ছাড়া টাকার লেনদেন আছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত নুরুল হক (৩৬) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নুরুল হকের বাড়ি মুদিরছড়া এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বসতভিটার সীমানা নিয়ে নুরুল হকের সঙ্গে একই এলাকার মোহাম্মদ ফরিদের বিরোধ চলে আসছে। ১০ দিন আগে নুরুল হক তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের লোকজনকে নোটিশ দিলে তাঁরা নুরুল হকের ওপর আরও ক্ষিপ্ত হন। গত রোববার প্রতিপক্ষের লোকজন নুরুল হকের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের হামলায় নুরুল হক গুরুতর আহত হন। শুক্রবার তিনি মারা যান। রোববারের হামলার ঘটনায় আটজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালী থানার এসআই নির্মলেন্দু চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।