পটিয়ায় পৌর কর্মচারীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার হজরত শাহচাঁন্দ আউলিয়া দরগাহ গেট এলাকায় গত শুক্রবার রাতে মোহাম্মদ আমান উল্লাহ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমান উল্লাহর বাড়ি পৌরসভার বাহুলী গ্রামে। তিনি পটিয়া পৌরসভার কার্যসহকারী। তিনি স্থানীয় ক্লাবের সাবেক ফুটবলার।
আমানের ছোট ভাই মোহাম্মদ সেলিম উল্লাহ বলেন, বাহুলী এলাকার শ্রীমাই সেতুর পাশে রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া জায়গায় ৫০ বছর ধরে তাঁর পরিবার চাষাবাদ করে আসছে। পাঁচ মাস আগে তাঁর এক চাচাতো ভাইয়ের নেতৃত্বে ১০-১২ জন বালু ব্যবসায়ী তাঁদের না জানিয়ে সেখান থেকে মাটি কেটে নিয়ে যান। পাঁচ দিন আগেও তাঁরা সেখান থেকে মাটি কাটেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আমান গত শুক্রবার সন্ধ্যায় শাহচাঁন্দ আউলিয়া দরগাহ গেট এলাকায় গিয়ে তাঁর ওই চাচাতো ভাইয়ের কাছে মাটি কাটার কারণ জানতে চান। এ সময় দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চাচাতো ভাইয়ের নেতৃত্বে পাঁচ-ছয় ব্যক্তি আমানকে কাঠ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা আমানকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন খলিফা বলেন, ‘আমানের জমি থেকে তাঁর চাচাতো ভাইয়েরা মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে।’
গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো মামলা হয়নি।
খুনিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ: আমান উল্লাহর খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে পটিয়ায় সমাবেশ হয়েছে।
পটিয়া ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে থানার মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক সামসুল আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ টি এম মুহিবুল্লাহ চৌধুরী, আবাহনী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমানের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।