পটিয়ায় প্রজন্ম লীগের নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মোহাম্মদ বাহাদুর (৩০) কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি। তাঁর বাড়ি ইউনিয়নের কোলাগাঁও গ্রামে।
বাহাদুরের ভগ্নিপতি মোহাম্মদ মোক্তার আহমদ জানান, বাহাদুর কোলাগাঁও চিটাগং মেরিন ডকইয়ার্ড প্রতিষ্ঠানের ঠিকাদার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডকইয়ার্ড থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাঁকে ছুরিকাঘাত করে ও কোপায়। স্থানীয় লোকজন বাহাদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোক্তার আহমদ বলেন, আবদুল মান্নান নামের স্থানীয় এক যুবক কয়েক মাস আগে বাহাদুরের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। তার কয়েক দিন পর দুজনের মধ্যে মারামারিও হয়। এই বিরোধের জের ধরে বাহাদুরকে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুণ বলেন, বাহাদুর ও স্থানীয় সৈনিক লীগের সভাপতি আবদুল মান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাহাদুরের মা নিলুফার বেগমও বলেন, মান্নানের সঙ্গে তাঁর ছেলের বিরোধ ছিল। মুঠোফোন বন্ধ থাকায় আবদুল মান্নানের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।